মায়ের মৃত্যুতে বাবর প্যারোলে মুক্ত
মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
জানাজায় অংশ নিতে মঙ্গলবার বিকালে ছয় ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার মো. জাহাঙ্গীর কবির।
তিনি বলেন, “বিকাল ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে পৌনে ৫টার দিকে তার প্যারোলে মুক্তির আবেদন পাই।”
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, মঙ্গলবার সকালে ১০ ট্রাক অস্ত্র মামলার হাজিরা দিতে ঢাকার আদালতে নেওয়া হয় বাবরকে। পরে সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হত্যা মামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায়ও তার নাম রয়েছে।
