বাগেরহাটে ২ জনকে কুপিয়ে জখম
বাগেরহাটে পূর্ববিরোধের জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক স্বজনের বিরুদ্ধে।
সোমবার রাতে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা ছলেমান হালদারের (৭২) বাড়িতে হামলা হয় বলে জানান মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান।
আহতরা হলেন ছলেমানের ছেলে লোকমান হালদার (৪৫) ও তার ভাতিজা আলী হালদার (৫০)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছলেমান হালদার অভিযোগ করেন, সোমবার রাত ৮টার দিকে দেপাড়া গ্রামে তার বাড়িতে তার ভাতিজা মহসিন হালদার সাত-আটজন সহযোগীসহ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
“তাদের ঠেকাতে গেলে আমার ছেলে লোকমান ও ভাতিজা আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে।”
ছলেমান বলেন, হামলাকারী মহসিন স্থানীয় মাদকাসক্তদের সাথে মিশে নেশায় আসক্ত হয়ে পড়েন।
“আমি তাকে ওই বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে বলায় সে আমার ওপর ক্ষুব্ধ হয়। সেই রাগের জের ধরে ভাতিজা এই হামলা চালিয়েছে।”
ওসি মিজানুর ঘটনাস্থল পরিদর্শন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ববিরোধের জেরে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।
