স্ত্রীকে মারধরের অভিযোগে মেয়রপুত্র গ্রেপ্তার
ঢাকার দোহারে ‘যৌতুকের দাবিতে’ স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পৌর মেয়রের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল হালিমকে (৪৫) মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয় বলে জানান দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম।
হালিম দোহার পৌরসভার মেয়র আব্দুর রহিম মিয়ার ছেলে।
গুরুতর আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর বরাত দিয়ে ওসি বলেন, কয়েক বছর ধরে হালিম তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। রোববার রাতে হালিম তাকে মেরে গুরুতর জখম করেন।
“সোমবার গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ হালিমকে ইউসুফপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। মামলার পর মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।”
গৃহবধূর শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে বলে ওসি সিরাজুল জানিয়েছেন।
