পোশাক শ্রমিকদের বাস খাদে, নিহত ১
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ময়মনসিংহে ব্রিজের রেলিং ভেঙে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও ২২ জন।
সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরপুরের ঝিনাইগাতি থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস রাত সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
“দুর্ঘটনায় হাবিব নামে এক পোশাক শ্রমিক মারা যান।”
এছাড়া আরও ২২ পোশাক শ্রমিক আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তারা ঈদের ছুটি শেষে গাজীপুরের কর্মস্থলে ফিরছিলেন বলে ওসি জানান।
