রামুতে ‘বন্দুকযুদ্ধে’ মামলার আসামি নিহত
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়।
সোমবার জোয়ারিয়ানালা ইউনিয়নের মিঠাছড়ি চা-বাগানে এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
ওই সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।
নিহত জসিম উদ্দিন খোকন (৩৫) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার মৃত অহিদুল ইসলামের ছেলে।
তবে নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশ জসিমের প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ করে তাকে হত্যা করেছে।
সোমবার ভোরে এ ঘটনা ঘটলেও রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে রামুর রশিদনগর ইউনিয়নের জেটিঘাট রাস্তার মাথা থেকে বিভিন্ন মামলার পলাতক আসামি জসিম উদ্দিন খোকনকে গ্রেপ্তার করা হয়। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র মজুদ থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন।
ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ভোর রাতে রামুর মিঠাছড়ি চা-বাগানের পাহাড়ি এলাকায় পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযান চালায় জমিসকে নিয়ে। এসময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে পুলিশও আত্মরক্ষার্থে ৭৩ রাউন্ড গুলি চালায়।
“এতে জসিম গুলিবিদ্ধ হলে রামু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি পাইপগান ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
“তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে রামু ও কক্সবাজার সদর থানায় ১৭টি মামলা রয়েছে।”
লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানান ওসি প্রভাষ।
আহত পুলিশ সদস্য এসআই আবুল খায়ের, কনস্টেবল রুবেল মজুমদার, মো. ইব্রাহিম ও আতিকুর রহমানকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।
নিহতের ভাই কামাল উদ্দিন বলেন, প্রতিপক্ষের মিথ্যা অভিযোগে জসিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে রয়েছে। কিন্তু এখন পুলিশ এক ডজনেরও বেশি মামলার কথা বলছে।
এলাকার প্রতিপক্ষের যোগসাজশে পুলিশ জসিমকে ধরে নিয়ে বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
