টাঙ্গাইলে ৩ নারী ‘জেএমবি’ রিমান্ডে
টাঙ্গাইলের কালিহাতীতে ছয়দিন আগে গ্রেপ্তার সন্দেহভাজন তিন নারী জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
সোমবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লা আল মাসুদ এ আদেশ দেন।
গত ৫ জুলাই রাতে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর রেলগেটের উত্তর পাশের একটি বাড়ি থেকে ‘জেএমবির সুইসাইড স্কোয়াডের’ তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
আটকরা হলেন রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)।
এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছোরা ও মানুষ জবাই করার জিহাদি ভিডিও ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়। পরে কালিহাতী থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।
টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার শুনানির পূর্ব নির্ধারিত সময়ে ওই তিন নারীকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করে।
