গোপালগঞ্জে মুফতি হান্নানের ভাই গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নানের ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, রোববার গভীর রাতে উপজেলার ঘাঘরকান্দা থেকে মুন্সি কামরুজ্জামান মতিন ওরফে মতি মুন্সিকে (৪৯) গ্রেপ্তার করা হয়। মতি মুন্সি ওই এলাকার বাসিন্দা।
সোমবার দুপুরে গোপালগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ওসি মো. সেলিম রেজা বলেন, নাশকতা করতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গত ১২ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মুফতি হান্নানের আরেক ছোট ভাই আনিচুর রহমান মুন্সিসহ চার শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার চারজনসহ নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মতিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থান শেখ লুৎফর রহমান কলেজ মাঠ থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়।
এর একদিন পর ২২ জুলাই হেলিপ্যাড থেকে উদ্ধার করা হয় ৮২ কেজি ওজনের আরেকটি বোমা।
ওই ঘটনায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন ও রাষ্ট্রদ্রোহ আইনে পৃথক তিনটি মামলা হয়।
২০০০ সালের নভেম্বরে মুফতি হান্নানসহ ১৩ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
গত তত্ত্ববধায়ক সরকার আমলে মুফতি হান্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে আরো নয়জনকে আসামি করে একটি সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
