২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপি নেতা খুন

বগুড়া সদরে এক ইউনিয়ন বিএনপি নেতাকে হত্যার পর লাশ গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে হত্যাকারীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

শুক্রবার সকালে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশ থেকে পুলিশ নিজাম উদ্দিন পাইকারের (৫৫) লাশ উদ্ধার করে।

নিজাম উদ্দিন সদর উপজেলার গোকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তিনি বাঘোপাড়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

নিজামের প্রতিবেশী আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজাম উদ্দিন বাঘোপাড়া বন্দরে তার দোকান ‘নিজাম উদ্দিন গিফট কর্নার’ বন্ধ করে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি।

“শুক্রবার সকালে বাড়ির কাছে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশে গাছের সঙ্গে বাঁধা উলঙ্গ অবস্থায় তার লাশ পাওয়া যায়।”

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, নিহতের গলা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। তাকে হত্যার পর লাশ মাটিতে বসিয়ে রেখে পরনের লুঙ্গি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় হত্যাকারীরা।

“প্রাথমিকভাবে জানা গেছে কিছুদিন আগে থেকে কে বা কারা নিজাম উদ্দিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। তবে তিনি বিষয়টি থানায় জানাননি।”

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।