নাটোরে বাস উল্টে নিহত ১
নাটোরের বড়াইগ্রামে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার দুপুরে উপজেলার মানিকপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম জানান।
এ ঘটনায় আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আনুমানিক ৩৬ বছর বয়সী নিহত ওই যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মনিরুল বলেন, বেলা আড়াইটার দিকে ঢাকাগামী পদ্মা পরিবহনের একটি বাস মানিকপুর পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।
ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
বাসের আহত যাত্রী ছালেহা বেগম জানান, তিনি নাটোর কারাগারে তার স্বামীকে দেখে ওই বাসে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গাছে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়।
