রামুতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের রামু উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের পানিরছড়া গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু হাইওয়ে থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
নিহত শহীদুল্লাহ শহীদ (৩২) কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
শহীদুল্লাহ শহীদ সৌদি আরব প্রবাসী। ঈদের এক মাস আগে তিনি দেশে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আবুল কালাম বলেন, তুবা পরিবহন সার্ভিসের একটি বাস কক্সবাজার শহর থেকে ঢাকার দিকে রওনা হয়েছিল। রামুর রশিদনগরের পানিরছড়া গ্যারেজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক শহীদুল্লাহ নিহত হন।
“চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি পুলিশ জব্দ করেছে। মোটরসাইকেলে নিহত ব্যক্তিই ছিলেন একমাত্র আরোহী। নিহতের লাশ এখনও ঘটনাস্থলে রয়েছে।”
রামু থানার এসআই স্বপন চন্দ্র বড়ুয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রামু থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠানোর পাশাপাশি বিষয়টি রামু হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
