২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে আনন্দের ঈদে শান্তির প্রত্যাশা

গুলশানে হামলার ঘটনায় শোক কাটিয়ে উঠে সারাদেশের মানুষ বৃহস্পতিবার ঈদ উদাপন করছেন। মানুষের জন্য শান্তি কামনায় মোনাজাত হয়েছে ঈদের জামাতে। তবে কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠানের পূর্বমুহূর্তে হাতবোমা বিস্ফোরণের খবর উৎকণ্ঠাও ছড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 11:57 AM

Updated : 11 Oct 2022, 08:28 PM

প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল

বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠসহ বিভিন্ন জায়গায় ঈদুল ফিতরের জামাত হয়েছে।

এসব জামাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সর্বস্তরের মুসলমানেরা।

নগরীরর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় মওলানা সিহাব উদ্দিনের ইমামতিতে জামাতে অংশ নেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত হয়।

এর আগে বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

নড়াইল

শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেন। ছেলে সাহিলকে নিয়ে সকাল ৮টায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন ‘নড়াইল এক্সপ্রেস’।

জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এখানে নামাজ আদায় করেন।

জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আশরাফ আলী; মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

নামাজ শেষে আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কুশল বিনিয়ম করেন মাশরাফি; সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা।

 

মুন্সীগঞ্জ

কয়েকদিনের টানা বৃষ্টির পর ঈদের দিন সকালটা ছিল রৌদ্রোজ্জ্বল। সবাই পরস্পরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। মিলনমেলায় পরিণত হয় মুন্সীগঞ্জ জেলা শহর। কালেক্টরেট ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদ প্রশাসক মো. মহিউদ্দিন, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পৌরমেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সাবেক পৌরমেয়র মুজিবুর রহমান ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

জামাতে ইমামতি করেন মুফতি মো. শহিদুল্লাহ। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

এছাড়া জেলার বিভিন্ন গ্রামের ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়।

মাগুরা

মাগুরায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন মুসলমানরা। সকাল ৯টায় মাগুরা শহরের মোমানী ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে জেলা প্রশাসক মু. মাহবুবর রহমান, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুলসহ মাগুরার সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। পুলিশ সুপার এহসান উল্লাহ নামাজ আদায় করেন পুলিশ লাইন মাঠে।

এছাড়া শহরের জজ কোর্ট জামে মসজিদ, পিটিআই মসজিদ, ভায়না গোরস্থান মসজিদ, দোয়ার পাড় জামে মসজিদ, হাজী আব্দুল হামিদ লিল্লাহ বোর্ডিং মসজিদ, মোল্লাপাড়া মসজিদ, দরিমাগুরা এতিমখানা মসজিদ, নান্দুয়ালী ঈদগাহ মাঠ, পারনান্দুয়ালী ব্যাপরীপাড়া মসজিদ, পারলা ঈদগাহ মাঠ, পূর্বপাড়া জামে মসজিদ, শান্তিবাগ মসজিদসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়ালে একটি মসজিদে নারীরা ঈদের নামাজ আদায় করেন।

তারাউজিয়াল গ্রামেরর তাসিন জামান জানান, স্থানীয় বায়তুন আমান মসজিদের দ্বিতীয়তলায় পর্দার সাথে এলাকার শতাধিক নারী ঈদের নামাজ আদায় করেন।

 

কুমিল্লা

সকাল সাড়ে ৮টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ জেলার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মওলানা মো. ইব্রাহিম।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম  বাহা উদ্দিন বাহার, সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলসহ সাধারণ মানুষ এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে  জঙ্গিবাদসহ মুসলিমবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সারাবিশ্বের মুসলিম ধর্মাবলম্বীসহ সব মানুষের উন্নতি, সমৃদ্ধি ও সু-স্বাস্থ্য কামনা করে প্রায় অর্ধলক্ষাধিক মুসলমান মোনাজাত করেন। 

এছাড়া নগরের  মুন্সেফবাড়ি, পুলিশ লাইন জামে মসজিদ, সুজা বাদশা জামে মসজিদ, কাপ্তান বাজার জামে মসজিদ, জানু মিয়া জামে মসজিদ, দারোগাবাড়ি জামে মসজিদসহ কুমিল্লা সদর দক্ষিণ, বরুড়া, চান্দিনা, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, মুরাদনগর, বুড়িচং, ব্রাহ্মণপাড়াসহ সারা জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত  হয়।