২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সাংসদপুত্রের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় এক গরু ব্যবসায়ীকে মারধর করে ব্যাংক চেকে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 09:36 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

পুরনো খবর:

সাতক্ষীরায় অস্ত্রসহ সাংসদপুত্র আটক

রুমন সারোয়ার (৩৩) নামের ওই যুবক জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য রিফাত আমিনের ছেলে।

এ ঘটনায় ব্যবসায়ী সাহেব আলি বুধবার বিকালে রুমনসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

সাহেব আলি সদর উপজেলার পদ্মশাকরা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসা নিচ্ছেন।

সাহেব আলি বলেন, “মঙ্গলবার রাত ১০টার দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবক আমাকে বাড়ি থেকে ধরে মিল বাজারের মিলন পালের বাড়িতে নিয়ে যায়।

“এক পর্যায়ে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাতে আমি অস্বীকৃতি জানালে রুমন ও মিলন পাল লোহার রড দিয়ে মারধর করে। পরে বাড়ি থেকে আমার ব্যাংক চেক আনিয়ে তাতে স্বাক্ষর করিয়ে নেয় তারা।”

এ বিষয়ে সাংসদের ছেলে রুমনের সঙ্গে কয়েক দফা মোবাইল ফোনে যোগযোগ করে পাওয়া যায়নি।

তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ রিফাত আমিন বলেন, “এ কাজে আমার ছেলে জড়িত নয়, এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাত্র।” 

সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বুধবার বিকালে ওই ব্যবসায়ী রুমন সরোয়ার, মিলন পাল ও দেবদাস পালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।