ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি
সারাদিন দুর্ভোগের পর সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে কিছুটা গতি এসেছে। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি।
মহাসড়কের কয়েকটি স্থানে দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়ায় এবং বৃষ্টির কারণে সোমবার গভীর রাত থেকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার জুড়ে যানজট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন উত্তরের পথের যাত্রীরা।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন যানজট নেই বললেই চলে।
চন্দ্রা ত্রিমোড় এলাকায় যান চলাচলে সহায়তাকারী রোভার স্কাউট সদস্য তনয় মজুমদার বলেন, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রচণ্ড যানজট থাকলেও সন্ধ্যায় তা কিছুটা কমে এসেছে।
তবে গাড়ি এখনও ধীর গতিতে চলছে। স্বাভাবিক হবে সময় লাগবে বলে জানান তিনি।
একই সময়ে ওই মহাসড়কের কোনাবাড়ি, মৌচাক, সফিপুর এলাকায়ও গাড়ির কিছুটা চাপ দেখা গেছে বলে জানান নাওজোর মহাসড়ক থানার ওসি মো. দাউদ খান।
মাওনা মহাসড়ক থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দিনভর গাড়ির সংখ্যা বেশি থাকলেও যানজট হয়নি। এ পথে ঘরমুখো যাত্রীরা এবার চার লেনের সুবিধা পেয়েছেন। কম সময়ে তারা গন্তব্যে ফিরে গেছেন।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আরিফ হোসেন বলেন, মঙ্গলবার বিকাল পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় ও চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় গাড়ির সংখ্যা বাড়লেও সন্ধ্যার পর তার চিত্র হয় বিপরীত। অর্থাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট প্রবণ ওই এলাকায় গাড়ির চাপ একেবাইে নেই বললেই চলে। এ পথে যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরছেন।
