২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৩ সহোদরকে হত্যার হুমকি

সাতক্ষীরা সদরে কাফনের কাপড়সহ চিঠি পাঠিয়ে তিন ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

ব্রহ্মরাজপুরে সোমবার ব্রহ্মরাজপুর বড়খামার গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর তিন ছেলে মনিনুজ্জামান তুহিন, আব্দুর রহিম বাবু ও রেজাউল করিম মিঠুর নামে এ চিঠি দেওয়া হয়।   

মনিনুজ্জামান তুহিন ব্রহ্মরাজপুর বাজারে গাজী মার্কেটের দ্বিতীয় তলায় বসবাস করেন।
তুহিন বলেন, এই বাড়িতেই ভোর রাতের কোনো এক সময় দ্বিতীয় তলার দরজার সামনে একটি সাদা খামের মধ্যে এক টুকরা সাদা কাপড় ও হাতে লেখা একটি চিঠি রেখে যায় কে বা কারা।

সকালে তুহিনের স্ত্রী সেলিনা আক্তার মিষ্টি ঘরের দরজা খুলে এটি দেখতে পান বলে তুহিন জানান।

চিঠিতে এ তিন ভাইকে নাস্তিকের বাচ্চা, নাস্তিকের দলস ও পুলিশের দালাল বলা হয়।

চিঠিতে বলা হয়, “তোদের দিন শেষ; তোদের মৃত্যু ঘোষণা করলাম।”

চিঠির শেষে তুহিন, মিঠু ও বাবুর নামের উপর ক্রস চিহ্ন দেওয়া।

এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তুহিন জানান।

এ ব্যাপারে সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, সাধারণ ডায়েরি করার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।