আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার বিক্ষোভরত শ্রমিকদের লাঠিপেটা করেছে পুলিশ।
সোমবার বিকালে টঙ্গাবাড়ি এলাকায় ‘গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে শ্রমিকদের দাবি।
কারখানাটির শ্রমিক শাহিন, রফিক, কবির, সেলিনাসহ কয়েকজন বলেন, কোনো কারণ ছাড়াই ৪০ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া অর্ধেক বেতন দিয়ে কারখানা ছুটি দেওয়ার কথা শোনার পর শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।
এরপর শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করলে কর্তৃপক্ষের লোকজন শ্রমিক হাছান, বাদশা, লাকি, রহিমাকে মারধর করে বলে অভিযোগ তাদের।
শ্রমিকদের অভিযোগ, বিক্ষুব্ধ শ্রমিকরা মারধরের প্রতিবাদে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়।
শিল্প পুলিশ-১ এর পরিচালাক মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন দিতে দেরি হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছুড়ে ভাংচুরের চেষ্টা করে। তখন কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্র ভঙ্গ করে দেওয়া হয়েছে।
গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড-এর পরিচালক মো. দোলন সাংবাদিকদের বলেন, বেতন দিতে দেরি হওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে। শ্রমিকদের বেতন পরিশোধ করা হচ্ছে।
