২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মিয়ানমার নাগরিক আটক, ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে, যার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 03:40 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

সোমবার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান।

আটক মোহাম্মদ হোসাইন (২৭) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার ক্ষুরতলা এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমরান বলেন, সকালে বালুখালী কাস্টমস চেকপোস্টে বিজিবির একটি টহল দলের সদস্যরা কক্সবাজারগামী একটি অটোরিকশা থামিয়ে ওই ব্যক্তির শরীরে তল্লাশি চালায়।

“এ সময় তার কোমরের নিচের অংশে বিশেষ কৌশলে রাখা এক হাজার ৯৭০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”

উদ্ধার করা ইয়াবার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানান তিনি।