২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ইমামকে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনটে স্থানীয় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 03:33 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

রোববার উপজেলার গোপালনগর ইউনিয়নের বলারবাড়ী গ্রামে তার লাশ পাওয়া যায় বলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পঞ্চানন দাস জানান।

নিহত মতিউর রহমান (৪০) ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বানিয়াগাথি বাজার জামে মসজিদে ইমামতি করতেন। এছাড়া বিয়ে নিবন্ধনকারীর কাজও করতেন।  

মতিউরের স্ত্রী মর্জিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজার শুরু থেকে বানিয়াগাথি বাজার জামে মসজিদে তার স্বামী তারাবির নামাজে ইমামতি করে আসছিলেন।

“প্রতিদিনের মতো রোববার রাতে মসজিদে তারাবির নামাজে গিয়ে নিখোঁজ হন তিনি। সকালে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।”

মর্জিনার ভাষ্য, পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে স্থানীয়দের সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। এর জেরেই তাকে হত্যা করা হতে পারে।

নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পরিদর্শক পঞ্চানন জানান।