২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘নিখোঁজ’ ৫ যুবক ইয়াবাসহ হবিগঞ্জে গ্রেপ্তার

হবিগঞ্জের পুলিশ তিন ভাইসহ পাঁচ যুবককে ইয়াবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে, যাদের প্রায় দুই মাস আগে পাবনা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 01:24 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

হবিগঞ্জের মাধবপর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে আটক ওই পাঁচজনকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে পাবনার ফরিদপুর থানার ওসি হাবিবুর রহমান জানান।

এরা হলেন- পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের আব্দুল করিম সরদারের তিন ছেলে টিক্কা সরদার (৩০), এরশাদ সরদার (২৫), সাদ্দাম হোসেন সরদার (২০), তাদের দুলাভাই সাভার গ্রামের দুলাল হোসেন (৩৪) ও রনি প্রামানিক (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে গোপান সংবাদে অভিযান চালিয়ে ‌র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৩৫৫টি ইয়াবাসহ ওই পাঁচ যুবককে আটক করে। পরে হবিগঞ্জের মাধপুর থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

ওসি জানান, ওই তিন ভাইয়ের বাবা গত মে মাসের মাঝামাঝি সময়ে ফরিদপুর থানায় একটি সাধরণ ডায়েরি করেছিলেন।

সেখানে অভিযোগ করা হয়, গত ১১ মে ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ২৫/৩০ জনের স্বশস্ত্র একটি দল টিক্কা, এরশাদ ও সাদ্দামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওই দিনই একই কায়দায় তাদের দুলাভাই দুলাল হোসেন ও রনিকে তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে আটক তিন সহোদরের বাবা আব্দুল করিম সরদার বলেন, “ইয়াবা ব্যবসা তো দূরে থাক, সেটা কি জিনিস আমার ছেলেদের চেনার কথা নয়। ছেলেদের খোঁজ পাইছি এটাই বড় কথা।”