আশুগঞ্জে কর্মরত বিদেশিদের সতর্ক থাকার পরামর্শ
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মরত বিদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির কার্যালয়ে বিদেশিদের সঙ্গে এক বৈঠকে এ পরামর্শ দেওয়া হয় বলে জানান আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন।
বৈঠকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশিরা উপস্থিত ছিলেন।
ওসি বলেন, বৈঠকে বিদেশিদের আগের চেয়ে বেশি সতর্কভাবে চলাচল করতে এবং বহিরাগতদের সঙ্গে না মেশার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশিদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াতকারী বিদেশিদেরও সতর্কভাবে চলাচাল করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার।
শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।
এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। বের করা হয় ২০টি মৃতদেহ, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। তাদের রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছেন।
