২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, দুই পুলিশ গ্রেপ্তার

ভুয়া সনদপত্র দিয়ে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় চাকরি নেওয়ার অভিযোগে জয়পুরহাটে দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 04:58 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে কনস্টেবল কবিরুল ইসলাম (২২), মির্জাপুর গ্রামের আবু সালাম (৫৭) ও তার ছেলে কনস্টেবল শাহিদুজ্জামান (২১)।

পুলিশ কর্মকর্তা সিরাজুল বলেন, “২০১৫ সালে জয়পুরহাটে পুলিশ নিয়োগে জাল মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে পুলিশ সদস্য পদে যোগ দেন কবিরুল ও শাহিদুজ্জামান। দুজনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

“পরবর্তীতে তাদের সনদপত্র জাল প্রমাণিত হলে জয়পুরহাট পুলিশের রিজার্ভ অফিসার আনিছুর রহমান বাদী হয়ে গত ২৮ জুন তাদের বিরুদ্ধে মামলা করেন।”

মামলার পর শুক্রবার রাতে কর্মস্থল ঢাকা থেকে কবিরুল ও শাহিদুজ্জামানকে এবং শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে আবু সালামকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।