২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাল ‘আত্মসাৎ’, তানোরের মেয়র গ্রেপ্তার

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে রাজশাহীর তানোর পৌরসভার মেয়রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 05:40 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বৃহস্পতিবার দুপুরে মেয়র মিজানুর রহমান মিজানকে পৌরভবন থেকে আটক করা হয় বলে জানান তানোর থানার ওসি মির্জা আবদুস সালাম।

তিনি উপজেলা যুবদলের সভাপতি।

ওসি বলেন, ভিজিএফ কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ১৮ কেজি করে দেওয়া হয়।

“খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন অর রশিদ গিয়ে সত্যতা পান। এ সময় সেখানে দায়িত্বরত কাউন্সিলররা জানান, মেয়রের নির্দেশে তারা ১৮ কেজি করে চাল বিতরণ করেন।”

এ ঘটনায় ইউএনওর নির্দেশে মেয়রকে পৌরভবন থেকে আটক করা হয় বলে জানান ওসি।

তিনি বলেন, ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামিমা শারমিন মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

“মামলায় তার বিরুদ্ধে ওজনে কম দিয়ে প্রায় তিন টন চাল আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।”

ইউএনও মামুন বলেন, “অনেক সময় চালের বস্তায় কম থাকার কারণে জনপ্রতি আধা কেজি কম দেওয়ার মৌখিক অনুমতি রয়েছে। কিন্তু মেয়রের নির্দেশে দুই কেজি করে চাল কম দেওয়া হচ্ছিল।”

পরে সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে বাকি চাল বিতরণ করা হয় বলে তিনি জানান।