২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল ‘আত্মসাৎ’, ইউপি চেয়ারম্যানসহ আসামি ১২

বাগেরহাটে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা হয়েছে; গ্রেপ্তার হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 02:36 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

গ্রেপ্তারকৃতরা হলেন রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদ সচিব মো. মোয়াজ্জেম হোসেন (২৭) ও চৌকিদার খান মোনায়েম (৩৩)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার রায় জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডধারীদের ২০ কেজি করে চাল বরাদ্দ করা হলেও প্রত্যেককে দুই-তিন কেজি করে কম দেওয়া হচ্ছিল।

“জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহম্মদ আলী সিদ্দিকী বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে সচিব মোয়াজ্জেম ও চৌকিদার মোনায়েমকে গ্রেপ্তার করেন।”

এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান, ৯ সদস্য, সচিব ও চৌকিদারের নামে মামলা করেছেন বলে জানান ইউএনও।

রামপাল থানার ওসি বেলায়েত হোসেন বলেন, গ্রেপ্তার দুইজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

অভিযোগ সম্পর্কে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ফকির বলেন, “মনোয়ার হোসেন বাচ্চু নামে এক ইউপি সদস্যকে চাল বিতরণের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলাম।

“আমি বাগেরহাটে প্রশাসনের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। সন্ধ্যায় ফিরে শুনি চাল ওজনে কম দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।”

চাল কম দেওয়া হয়ে থাকলে তার দায় তার নয় বলে তিনি দাবি করেন।