২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে মারধরের অভিযোগ বনকর্মীর বিরুদ্ধে

‘চাঁদাবাজির’ ছবি তোলার সময় গাজীপুরে এক সাংবাদিককে মারধর করে ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহাসড়কের একটি চেকপোস্টের বনকর্মীদের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়ায় বুধবার সকালে হামলার শিকার হন ‘আলোকিত বাংলাদেশ’ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সাগর আহমেদ।

এ ঘটনায় সাগর কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ একজনকে আটক করেছে।

আটক আব্দুল আজিজ (৪৫) কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার সদর আলীর ছেলে।

সাগর সাংবাদিকদের বলেন, খাড়াজোড়া এলাকায় বনবিভাগের একটি চেকপোস্ট রয়েছে। সকালে ওই চেকপোস্টে ট্রাক থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছিল।

ওই পথে মোটরসাইকেল নিয়ে তিনি চন্দ্রা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। চাঁদাবাজির হচ্ছে দেখে ছবি তুলতে থাকেন বলে জানান সাগর।

“ওই সময় ওই চেকপোস্টের গার্ড মো. রফিক, আবুল বাশার ও দালাল আব্দুল আজিজ আমাকে জোড়পূর্বক ধরে তাদের ঘরে নিয়ে মারধর করে এবং ল্যাপটপ, ক্যামেরা ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।”

পরে প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় অন্য সাংবাদিক ও পুলিশকে বিষয়টি জানালে সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দালাল আব্দুল আজিজকে আটক করে  বলে সাগর জানান।

তবে ছিনিয়ে নেওয়া ল্যাপটপ, ক্যামেরা ও টাকা-পয়সা উদ্ধার হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে চন্দ্রা বিট কর্মকর্তা আকরাম হোসেন বলেন, তিনি জরুরি কাজে গাজীপুর কোর্টে গিয়েছিলেন। তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, এ ব্যাপারে সাংবাদিক সাগর আহমেদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।