২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘৫ লাখ টাকাসহ’ ব্যবসায়ী নিখোঁজ

মাগুরা শহরের এক ব্যবসায়ী পাঁচ লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 11:03 AM

Updated : 20 Aug 2022, 01:06 PM

শহরের নতুন বাজারের অনন্যা ট্রেডার্সের মালিক আশুতোষ বিশ্বাস মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে আর ফিরে আসেননি বলে তার স্ত্রী বীথি মণ্ডল অভিযোগ করেন।

সদর থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ব্যবসায়ী আশুতোষ নিখোঁজ হওয়ার বিষয়ে মঙ্গলবার রাত ১০টার পরে তার স্ত্রী বীথি মণ্ডল জিডি করেছেন।

“জিডির ভিত্তিতে যথাযথ পুলিশি কার্যক্রম শুরু হয়েছে।”  

বীথি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্র্যাক ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নিয়ে মঙ্গলবার দুপুরে দোকান থেকে বের হন আশুতোষ।

“পরে সন্ধ্যা পর্যন্ত তিনি আর দোকান বা বাড়িতে ফিরে আসেননি। এমনকি তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ব্যংকে খোঁজ নিয়ে জানা যায় তিনি সেখানে টাকা জমা দিতে যাননি।”

এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রাতে জিডি করেন বলে জানান।