গোপালগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
গোপালগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম ফড়িঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান জানান।
এ ঘটনায় সোমবার রাতেই বেদগ্রাম এলাকার বাচ্চু মোল্লার ছেলে শামীম মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
মেয়েটির (১৪) স্বাস্থ্য পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
তার বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সন্ধ্যায় দুই মেয়েকে বাড়িতে রেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজে বের হই। এ সময় শামীম তাদের বাড়ি এসে বড় মেয়েকে ঘর থেকে বের করে দেয়।
“পরে শামীম আমার ছোট মেয়ের হাত-পা ও মুখ বেধে ধর্ষণ করে।”
বড় মেয়ে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে শামীম পালিয়ে যায়।পরে স্থানীয়দের সহায়তায় ছোট মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, বলেনি তিনি।
গোপালগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন শফিকুল ইসলাম চৌধুরী বলেন, হাসপাতলে চিকিৎসাধীন ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতাল পরিদর্শন করে ওসি সেলিম বলেন, খবর পেয়ে সোমবার রাতেই অভিযান চালিয়ে শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মেয়েটির মা বাদী হয়ে শামীমকে আসামি একটি মামলা করেন বলে জানান তিনি।
এদিকে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংস্থা এ ঘটনার বিচার দাবি করেছে।
শামীমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খ্রিস্টান দাতা সংস্থা চাইল্ড স্পন্সারশিপ প্রোগ্রামের ম্যানেজার মানুয়েল মজুমদার।
