ভারতীয় ভিসা সহজ করা হবে: হর্ষবর্ধন
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আরও সহজ করার আশ্বাস দিয়ে সিলেটে নতুন ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে বলেছেন ঢাকায় দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি একথা বলেন।
বেলা ১১টায় ভারতীয় হাই কমিশনার আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে পৌঁছেন। এ সময় মণিপুরী ঐতিহ্য অনুযায়ী মৃদঙ্গ বাজিয়ে, নেচে ও ফুলের পাপড়ি ছিঁটিয়ে অতিথিদের বরণ করা হয়।
হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, বাংলাদেশ ভারতের খুব কাছের বন্ধুপ্রতিম দেশ। দিনে দিনে বাংলাদেশের সঙ্গে সামজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে।
ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “ভারতের ভিসা আরও সহজ করা হবে। এজন্য আগামীতে সিলেট শহরেও নতুন করে একটি ভিসা কেন্দ্র স্থাপন করা হবে।”
ভারতীয় বৈদেশিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুমিক জেরাথ ভবিষ্যতে দিল্লীতে অনুষ্ঠিতব্য নৃত্য প্রতিযোগিতায় বাংলাদেশের কমলগঞ্জের মণিপুরী নৃত্য শিল্পীদের আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি দেন।
আলোচনায় আরও অংশ নেন মণিপুরী সাংস্কৃতিক পরিষদের সভাপতি কীর্তি কুমার সিনহা ও অবসরপ্রাপ্ত ব্যাংকার নীল চাঁদ সিংহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহাজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর হক, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন প্রমুখ।
ভারতীয় হাই কমিশনারের সফরসঙ্গী ছিলেন তাদের বৈদেশিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ) সুমিক জেরাথ ও ঢাকায় হাই কমিশনের প্রথম সচিব (অর্থ ও প্রকল্প) গনি উইকা।
