২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ২ ‘জেএমবির’ ১০ বছর কারাদণ্ড

বিস্ফোরকসহ গ্রেপ্তারের নয় বছর পর সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে জামালপুরের একটি আদালত।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2016, 05:00 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

মঙ্গলবার যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সরিষাবাড়ীর সাতপোয়া গ্রামের মৃত ইউনুস আলী মৌলভির ছেলে হাবিবুর রহমান ইউসুফ (৩১) ও সদর উপজেলার কুমারগাতী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কামরুল হাসান (৩৬)। রায়ের সময় দুজনেই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. এনামুল হক জানান, ২০০৭ সালের ২১ মার্চ সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার থেকে বিস্ফোরকসহ হাবিবুর রহমান ইউসুফ ও কামরুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।