বাগেরহাটে জাবি ছাত্রকে কুপিয়ে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
আহত মৃন্ময় মজুমদার (২৩) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।উপজেলার মূলঘর ইউনিয়নের গুড়গুড়িয়া গ্রামের মৃত্যুঞ্জয় মজুমদারের ছেলে তিনি।
ফকিরহাট থানার ওসি বজলুর রহমান জানান, সোমবার গভীর রাতে উপজেলার পুঁটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃন্ময়কে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রফিকুল ইসলাম গাজী বলেন, মৃন্ময়ের ঘাড়ে, হাতে ও পেটে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাতে বাসে করে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন মৃন্ময়। রাত দেড়টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় বাস থেকে নেমে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ির দিকে রওনা দেন।
“পথে চালক আরও তিনযাত্রীকে ভ্যানে তোলেন। কিছুদূর যাওয়ার পর ওই তিন যাত্রী মৃন্ময়কে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার দুটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে কুপিয়ে ফেলে যায়।”
পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।
