গাজীপুরে দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত রোজিনা আক্তার (৩০) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার চাঁদপুর গড়পাড়া এলাকার চাঁন মিয়ার স্ত্রী। তিনি ভোগড়া এলাকার আলিফ গার্মেন্টে কাজ করতেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে বাসন এলাকায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় আহত হন রোজিনা।
স্থানীয়রা গুরুতর আহত রোজিনাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের দিয়ে দেওয়া হয়েছে বলে এসআই ফিরোজ জানান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ওই প্রাইভেটকারের চালক শহিদ মিয়াকে (৪৫) আটক করে পুলিশে দেয়। তার বাড়ি জয়দেবপুরের মীরের বাজার এলাকায়।
