আট ঘণ্টা পর বিদ্যুৎ পেল বগুড়া পৌরসভা
বকেয়ার কারণে বিচ্ছিন্ন থাকার আট ঘণ্টা পর ‘সমঝোতা’ করে বিদ্যুৎ পেয়েছে বগুড়া পৌর কর্তৃপক্ষ।
সোমবার বিকাল ৫টায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় বলে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান জানান।
সতেরো কোটি টাকা বকেয়া থাকায় বগুড়া পৌর ভবন, সড়কবাতি ও কয়েকটি পানির পাম্পে সোমবার সকাল ৯টায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
মেয়র মাহবুবর রহমান বলেন, মঙ্গলবার পাঁচ লাখ টাকা প্রদান করাসহ প্রতি মাসে ১২ লাখ টাকা প্রদান করার শর্তে বিকালে পুনরায় সংযোগ দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন উভয়পক্ষের ‘সমঝোতা’ করেছেন বলে জানান তিনি।
বগুড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবু হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসকের অনুরোধে সমঝোতায় আসা হয়েছে।
“মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে কিছু বিল পরিশোধ করবেন বলে আমাকে জানানো হয়েছে।”
“জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে সমঝোতা করেছি”- বলেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
