২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিক্রয় প্রতিনিধি খুন, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বিক্রয় প্রতিনিধির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 01:05 PM

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহম্মেদ জানান, রোববার রাতে উপজেলার বড়হর গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শামীম হোসেন (২৩) সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। স্থানীয় একটি কসমেটিক্স কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন তিনি।

ওসি কউশিক আহম্মেদ বলেন, রোববার বিকালে মার্কেট থেকে প্রায় লক্ষাধিক পাওনা টাকা তুলে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন শামীম। পথে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে খুন করে সঙ্গে থাকা টাকা-পয়সা লুটে নিয়ে যায়।

“রোববার রাতে বড়হর গ্রামের একটি পাটক্ষেত থেকে তার বস্তাবন্দি লাশ ও পাশ থেকে একটি ম্যানিব্যাগ উদ্ধার করে পুলিশ।”

ওই ম্যানিব্যাগের সূত্রধরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোরে শহরের মাহমুদপুর মহল্লা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া এক লাখ পাঁচ হাজার টাকাও উদ্ধার করে বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের একজন সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২২)। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম দেওয়া হল না।