২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনজীবীদের সুন্দরবনে যাওয়ার নিষেধাজ্ঞা উঠল

প্রায় দুই মাস পরে সুন্দরবনে বনজীবীদের প্রবেশের উপরে জারি করা সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বনবিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2016, 05:36 PM

Updated : 11 Oct 2022, 08:25 PM

শনিবার বিকালে সুন্দরবন খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ জানান, রোববার সকাল থেকে বনবিভাগ থেকে পাশ নিয়ে বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

তবে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টে কোনো বনজীবী ঢুকতে পারবে না বলে জানান তিনি।

গত ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় চার দফা আগুন লাগে। এ ঘটনায় গত ২৭ এপ্রিল সুন্দরবন পূর্ব বিভাগ জুড়ে বিশেষ সতর্কতা এবং ২৯ এপ্রিল বনে প্রবেশের পাশ পারমিট সাময়িক বন্ধ ঘোষণা করে বনবিভাগ।

এরপর থেকেই বনবিভাগের কাছে পাশ পারমিট চালু করার দাবি জানিয়ে আসছিলেন বনজীবীরা।

সুন্দরবন খুলনাঞ্চলের বনসংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ বলেন, সুন্দরবনে এক মাসে চার দফা আগুন লাগার কারণে বনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের পাশ পারমিট বন্ধ ঘোষণা করা হয়।

“এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বনজীবীদের কথা চিন্তা করে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার সকাল থেকে বনজীবীরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ থেকে পাশ নিয়ে তাদের স্বাভাবিক কাজ করতে পারবে।”

চার দফা আগুনে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বিভিন্ন এলাকায় ১৫ একর বনভূমি পুড়ে যায়। এতে বনের সুন্দরী, বলাসহ বিভিন্ন লতাগুল্ম ও গাছপালা পুড়ে যায়।

আগুন লাগার ঘটনা তদন্তে বনবিভাগ কমিটি গঠনসহ তিনটি মামলাও করে করেছে। এ মামলায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত এজাহারনামীয় একজন ও সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে।