২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সাংবাদিকের উপর হামলার আরও এক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের হামলায় ছয় সাংবাদিক আহত হওয়ার মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2016, 04:30 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

শনিবার টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া সংলগ্ন চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশ।

গ্রেপ্তার মোহাম্মদ জালাল (৩০) টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার নুরুল আলমের ছেলে এবং মামলার প্রধান আসামি নুরুল হক ভূট্টোর ভাগ্নে।  

এ নিয়ে মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাঞ্চন বলেন, সাংবাদিকদের উপর হামলা মামলার আসামি জালাল এলাকায় অবস্থান করছেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ মে নাজিরপাড়া এলাকায় ইয়াবা উদ্ধারের খবর সংগ্রহ করতে গেলে নুরুল হক ভূট্টোর নেতৃত্বে ইয়াবা ব্যবসায়ীরা ছয় সাংবাদিককে কুপিয়ে জখম করে। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, ল্যাপটপ ও গাড়ি ভাংচুর করে।

এ ঘটনায় পরদিন আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদী হয়ে টেকনাফ থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেন।