২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে র‌্যাবের গাড়ি উল্টে আহত ৭

রাজশাহী নগরে র‌্যাবের একটি পিকআপ উল্টে বাহিনীটির সাত সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2016, 02:02 PM

Updated : 12 Apr 2022, 02:20 AM

রাজপাড়ার মোল্লাপাড়ায় শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি মাহামুদুর রহমান জানান।

আহতরা হলেন এএসআই আনিসুর রহমান ও বিমল চন্দ্র, গাড়িচালক কনস্টেবল ওবায়দুল্লাহ, কনস্টেবল সাইফুল ইসলাম, বিজিবির তিন সদস্য নায়েক আব্দুস সালাম, মহিদুল ও সিপাহী আতাউর।

আহতদের মধ্যে এএসআই আনিসুর রহমানকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মাহামুদুর রহমান বলেন, এএসআই আনিসুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

“অন্যরা আশাঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন,” বলেন ওসি।

ওসি জানান, র‌্যাবের একটি টহল দল নাটোর থেকে রাজশাহী র‌্যাব-৫ সদর দপ্তরে ফিরছিল। নগরীর মোল্লাপাড়া লিলি সিনেমা হলের সামনে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।

পুলিশ ও র‌্যাব তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি মাহামুদুর।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কামাল হোসেন বলেন, আশঙ্কাজনক অবস্থায় এএসআই আনিসুর রহমানকে হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।