২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে বাধা খালেদার রহস্যজনক ভূমিকা: ইনু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রহস্যজনক ভূমিকা বাংলাদেশে জঙ্গি দমনে বড় বাধা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 09:54 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

শুক্রবার কুষ্টিয়ায় তিনি বলেন, গুপ্ত হত্যা দমনের প্রশ্নে সরকারকে গালি দিয়ে লাভ নেই। খালেদা জিয়ার কারণে দেশ থেকে জঙ্গি দমন করা যাচ্ছে না।

“খালেদা জিয়া জামায়াত আর জঙ্গির সঙ্গ ত্যাগ করলে সরকার খুব দ্রুত জঙ্গি দমন করতে সফল হবে। তার ছাতার তলেই জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদন হয়ে চলেছে।

“তার রহস্যজনক ভূমিকা বাংলাদেশে জঙ্গি দমনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

শেখ হাসিনার সরকার জনগণের প্রতি বেশি দায়বদ্ধ দাবি করে ইনু বলেন, “খালেদা জিয়ার সরকার আমলে আমরা দেখেছি জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। তার দায়বদ্ধতা ছিল পরিবার ও পুত্রদের প্রতি।”

বিকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি খুলনা রেঞ্জের জিআইজি এস এম মনিরুজ্জামানের সঙ্গে জঙ্গি দমন নিয়ে মতবিনিময় করেন।

এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম ও জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন উপস্থিত ছিলেন।