কক্সবাজারে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক মারা গেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উখিয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।
নিহত সৈয়দ আলম (৩৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের বটতলী কোনার পাড়ার সোনা মিয়ার ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৈয়দ আলম রিকশা চালিয়ে বটতলী স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে আলম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ট্রাকসহ চালক মোহাম্মদ তহিদকে (৪০) আটক করেছে বলে তিনি জানান।
তহিদ চট্টগ্রামের মিরেরহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান।
