২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতার বাবার নামেও বাদাম চুরির মামলা

বাদাম চুরির অভিযোগ এনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পর্যায়ের এক ছাত্রলীগ নেতা ও তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 10:45 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আফজাল হোসেন মামলাটি করেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন হাতীবান্ধা থানার এসআই আবুল কালাম আজাদ।

তিনি বলেন, মামলায় পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম বাঁধন ও তার বাবা ওবায়দুর রহমানসহ সাতজনকে আসামি করা হয়েছে।

চুরির অভিযোগ অস্বীকার করে বাঁধন বলেছেন, তিনি ইউনিয়নের ‘চেয়ারম্যানের প্রতিহিংসার শিকার’।

ইউনিয়নের চেয়ারম্যান সফিউল আলম রোকনকে উদ্ধৃত করে এসআই আজাদ বলেন, সোমবার রাতে আফজাল হোসেনের বাড়ি থেকে সাত বস্তা বাদাম চুরি হয়। রাতেই বিষয়টি তাকে জানান আফজাল। পরে বাদাম চুরির সঙ্গে জড়িত সন্দেহে জাহিদুল ও মোরশেদুল নামের দুই যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়।

চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে ‘ঘটনা সাজানোর’ অভিযোগ করে বাঁধন বলেন, “চুরি যাওয়া বাদামগুলো আটক করে আমার গোডাউনে রেখে প্রকৃত মালিককে খবর দেওয়া হয়। রোকন চেয়ারম্যান প্রতিহিংসাপরায়ন হয়ে বাদাম মালিককে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছেন।”

এ বিষয়ে জানতে রোকন চেয়ারম্যানের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

মামলার বাদী আফজাল বলেন, ছাত্রলীগ নেতা বাঁধনের বাড়িতে তার চুরি যাওয়া বাদাম পাওয়া যাওয়ায় তাদের আসামি করেছেন তিনি।

মামলাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আজাদ।