২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ভাসুরের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারের টেকনাফে ভাসুরের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক নারীর বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 08:41 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।

নিহত মরিয়ম খাতুন (৩০) জাদিমুড়ার মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এ ঘটনায় ইলিয়াছের ছোটভাই মোহাম্মদ ইউনুছের স্ত্রী হাসিনা আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীর বরাত দিয়ে ওসি আব্দুল মজিদ বলেন, পারিবারিক কলহকে কেন্দ্র করে মরিয়ম খাতুন ও হাসিনা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

“এ নিয়ে বুধবার রাতে ইউপি সদস্য মোহাম্মদ আলী সালিশ বৈঠক করেন। সালিশে শুক্রবারের মধ্যে হাসিনার সঙ্গে ইউনুসের বিচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে হাসিনা বৃহস্পতিবার সকালে বড় জা মরিয়ম খাতুনকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করেন।”

তাৎক্ষণিকভারে মরিয়মকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি মজিদ।