মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছেন মা।
বৃহস্পতিবার নিজ গ্রাম থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন।
দণ্ডিত মো. মোকলেছুর রহমান হিরা (৩৫) উপজেলার জিনজিরা ইউনিয়নের হাউলি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকাসক্ত ছেলে হিরার অত্যাচার ও অপমান সহ্য করতে না পেরে মা আমেনা বেগম থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে হিরাকে গ্রেপ্তার করা হয়।
“দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
