ফেনীতে শিশুকে ধর্ষণ, চাচা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রামের মীরসরাইয়ের জোরালগঞ্জ এলাকা থেকে চাচা জ্ঞান দাসকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর।
আশঙ্কাজনক অবস্থায় মেয়েটি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেয়েটির বাবা বলেন, বুধবার রাতে বড় ভাই জ্ঞান দাস মেয়েকে ডেকে ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে মেয়ের চিৎকার শুনে তার ঘরে গেলে সে পালিয়ে যায়।
“রাতেই মেয়েকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।”
হাসপাতালের মেডিকেল অফিসার (গাইনী বিভাগ) রোকসানা বেগম স্বপ্না বলেন, মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সে এখনও শঙ্কামুক্ত নয়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মীরসরাইয়ের জোরালগঞ্জ এলাকা থেকে জ্ঞান দাসকে গ্রেপ্তার করেছে।
