মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার হাকিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল করিম (৩০), মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও আলাউদ্দীন আনুর ছেলে মো. কাওসার (৩৪)।
এদের মধ্যে আব্দুল করিম জামিন নিয়ে পলাতক রয়েছেন।
একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান পিপি জবদুল হক।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ২০১১ সালের ১৮ জানুয়ারি ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের একটি আম বাগান থেকে ২০০ গ্রাম হেরোইনসহ তিন জনকে আটক করে র্যাব। পরে র্যাবের এসআই খুরশেদ আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
ওই বছর ২৩ ফেব্রুয়ারি সদর থানার এসআই মাহবুবুর রহমান তিন জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন বলে জানান তিনি।
