আশুলিয়ায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা
ঢাকার আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামগড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
নিহত সুমন শিকদার (২৮) জামগড়ার কাঠালতলা এলাকার আফতাব আলী শিকদারের ছেলে।ওই এলাকার ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
ওসি বলেন, গভীর রাতে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তিন যুবক তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার ডাক-চিৎকারে অন্যরা এগিয়ে এসে বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“হত্যার ধরন দেখে মনে হচ্ছে পূর্বের কোনো ক্ষোভ থেকেই এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।”
সুমনের বাবা আফতাব আলী শিকদার বলেন, “রাত আনুমানিক পৌনে ২টার দিকে একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে মামুন, নজরুল ইসলাম ও এরশাদ ঘুম থেকে ডেকে তুলে সুমনকে। পরে জোর করে তাকে বাড়ির বাইরে চিপা একটি গলিতে নিয়ে কুপিয়ে ফেলে যায়।”
পুলিশ কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, “দুপুরে ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া না গেলেও একটি কক্ষ থেকে রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে, যা নজরুলের শার্ট বলে প্রতিবেশীরা শনাক্ত করেছেন।”
