প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা, নিহত ৪
যশোর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন মারা গেছে; আহত হয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হৈবতপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানান যশোর রেলওয়ে পুলিশের এসআই ইদ্রিস আলী।
নিহতরা হলেন কেশবপুর উপজেলার চাচড়াইল গ্রামের রেজাউল কবীর রাজু (৩৮), একই গ্রামের প্রদীপ দাসের স্ত্রী জয়া রানী দাস (৫৫), তার নাতি সদর উপজেরার তীরেরহাট গ্রামের নিত্যপদ বিশ্বাসের ছেলে চয়ন (১০) ও প্রাইভেট কারের চালক হাকিম (৩২)।
এসআই ইদ্রিস বলেন, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় জয়া রানী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও পাঁচজন।
আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা অন্য তিনজনকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
হাসপাতালে চিকিৎসাধীন আহত দীপিকা বলেন, প্রাইভেট কারটিতে করে তারা তার বাবার বাড়ি কেশবপুর থেকে শ্বশুরবাড়ি তীরেরহাটে যাচ্ছিলেন।
“পথে বেলা সাড়ে ১১টার দিকে মানিকদিহি গ্রামের রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেন প্রাইভেট কারকে ধাক্কা দেয়।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।
ঘটনাস্থলের স্থায়ী বাসিন্দা আবদার বলছেন, প্রাইভেট কারটি যেখান দিয়ে রেললাইন পার হচ্ছিল সেখানে গেট না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
