কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
কুষ্টিয়া সদরে ট্রাক চাপায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে শহরতলীর জুগিয়া কদমতলায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার এসআই আশরাফুল ইসলাম জানান।
নিহত সাইদুল ইসলাম (৩৮) সাইদুল ইসলাম সদর উপজেলার কমলাপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। উডল্যান্ড ফ্যক্টরির শ্রমিক সাইদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, ভোর সাড়ে ৬টার দিকে কাঠবোঝাই একটি ট্রাক ভেড়ামারা থেকে কুষ্টিয়া যাচ্ছিল।
পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়।
“তার নিচে চাপা পড়ে সাইদুলের মৃত্যু হয়।"
এসআই জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
