গাছে ট্রাকের ধাক্কা, চালক নিহত
দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত জানান।
নিহত বাবুল মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ঘাটাসিয়া উপজেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি নিয়ে চালক ফুলবাড়ী থেকে দিনাজপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়।
তার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
