২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে পুলিশকে ‘পিটুনি’  

নারায়ণগঞ্জ শহরে স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তুলে পুলিশের এক এএসআইসহ দুই সোর্সকে জনতা পিটুনি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 09:11 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে দাবি করলেও পুলিশ ব্যবসায়ীদের হয়রানি করা কিংবা কাউকে পিটুনির বিষয়টি নিশ্চিত করেনি।

বুধবার কালীরবাজার স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটেছে বলছেন ব্যবসায়ীরা।  

কালীরবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের অভিযোগ, বুধবার সদর মডেল থানার এএসআই আশরাফ তার সোর্স লিটনকে একটি ছেঁড়া চেইন বিক্রি করতে কালীরবাজার স্বর্ণপট্টিতে পাঠান। লিটন নোয়াব মার্কেটের পান্ডব রায়ের ‘মা তারা’ স্বর্ণ শিল্পালয়ে যান। কিন্তু দোকানের কর্মচারীরা চেইন কিনতে অস্বীকৃতি জানান।

কিছুক্ষণ পর এএসআই আশরাফ আরেক সোর্স ইকবালকে নিয়ে সেখানে গিয়ে লিটনকে গ্রেপ্তার করতে চাইলে উত্তেজিত ব্যবসায়ীরা তাদের মার্কেটে আটকে রাখেন। প্রায় আধঘণ্টা পর এএসআই আশরাফ স্বর্ণ বিক্রেতা লিটনকে নিয়ে বের হয়ে যেতে চাইলে উত্তেজিত জনতা দুজনকে পিটুনি দেয় বলে দাবি ব্যবসায়ীদের।

নারায়ণগঞ্জ জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন সেলিম বলেন, ওসি আব্দুল মালেক অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আশরাফ ও লিটনকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা পুলিশ ভ্যানেও হামলা চালায়।

ওসি আব্দুল মালেক বলেন, “ভুল বোঝাবুঝি থেকে এটা হয়েছে। পরে আমার নেতৃত্বে ফোর্স গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসি। আমি ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির কোনো ঘটনা দেখিনি।”