২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ‘অপহরণ’ চক্রের ১০ সদস্য আটক

সাভারের আশুলিয়ায় অপহৃত এক যুবককে উদ্ধার ও নারীসহ অপহরণ চক্রের সন্দেহভাজন ১০ সদস্যকে আটক করেছে পুলিশ।   

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 06:01 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজ জানান, মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার স্যুটিং বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত মিলন (২৮) আশুলিয়ার জামগড়া এলাকার আবদুল আজিজের ছেলে।  

আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫), সুমন কবির (২২), রাকিবুর রহমান বাপ্পী (২৮), মাসুম (২৮), আকবর আলী (২৫), রুকসানা আমিন সেলি (৩৭), নিশাত আক্তার (২৪), কামরুন্নাহার রানী (২২), হাসি বেগম (২৪) ও কলি আক্তার (৩০)।

মিলনের স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে মিলনকে অপহরণ করে এ চক্রটি। পরে তারা মোবাইলে ফোন করে মিলনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

তবে অপহরণকারীরা কত টাকা দাবি করেছিল সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

এএসপি নাজমুল বলেন, “মিলনের  বাড়ির লোকজন বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ২০ হাজার টাকা দেন। পরে ওই নম্বরের সূত্র ধরে স্যুটিং বাড়ি এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় শহীদুল মোল্লার ভাড়া বাড়ি থেকে মিলনকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ১০ সদস্যকে আটক করা হয়।” 

পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি পাসপোর্ট, মোবাইল ফোন, বেশ কিছু সিম কার্ড ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় বলে জানান তিনি।