নবাবগঞ্জে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার এসআই সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে উপজেলার মহব্বতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার টেকনাফের বড় হাবিবপাড়া গ্রামের মো. নূর মোহাম্মদের ছেলে মো. নুরুল আফসার (২৬) ও চাঁদপুর সদরের মোজাফ্ফরগঞ্জ গ্রামের কাশেম আলীর ছেলে মো. আলম (২৪)।
এসআই সোহেল রানা বলেন, ইয়াবা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই যুবক অটোরিকশায় করে বাগমারা থেকে বান্দুরা যাচ্ছিল। গোপন খবরে অভিযান চালিয়ে মহব্বতপুর আঞ্চলিক সড়কে অটোরিকশার গতিরোধ করে তাদের আটক করা হয়।
“এ সময় তাদের একজনের দেহ তল্লাশি করে ৮০০ এবং আরেকজনের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১১ হাজার ইয়াবা পাওয়া যায়।”
এ ঘটনায় মাদক আইনের একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
