মাগুরায় নবজাতক উদ্ধার
মাগুরা শহরের সরকারি খাদ্যগুদামের কাছ থেকে এক নবজাতককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উদ্ধার করা নবজাতক শ্বাসকষ্টে আক্রান্ত বলে সদর হাসপাতালের চিকিৎসক দেবাশিষ বিশ্বাস জানান।
হাসপাতালের ব্রাদার খায়রুল ইসলাম বলেন, শত্রুজিৎপুর ইউনিয়নের খানপুর গ্রামের এক ব্যক্তি নবজাতক কন্যাশিশুটিকে ব্যাগের ভিতর তুলোয় প্যাঁচানো অবস্থায় নিয়ে আসেন।
ওই ব্যক্তির বরাত দিয়ে খায়রুল জানান, শিশুটি খাদ্যগুদামের কাছে আঁস্তাকুড়ে পড়ে ছিল।
“হাসপাতালে আনার পর প্রথমে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হলেও পরে শিশু ওয়ার্ডে পাঠানো হয়।”
চিকিৎসক দেবাশিষ জানান, প্রথম দিকে সুস্থ মনে হলেও প্রিম্যাচিউর্ড এই শিশুটি প্রচণ্ড শ্বাসকষ্টে আক্রান্ত। তাকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
