ভোটের সহিংসতায় আহত যুবকের মৃত্যু
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতীতে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার রাতে কালিহাতী থানার ওসি মো. আখেরুজ্জামান একথা জানান।
আলমগীর হোসেন (২৬) উপজেলার পোষণা দক্ষিণ পাড়ার সুরুজ্জামানের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার মধ্যরাতের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে আলমগীরের দাফন সম্পন্ন হয়েছে।
ষষ্ঠ ধাপের গত ৪ জুন কালিহাতীর কোকডহরা ইউনিয়নে ভোট গ্রহণ হয়। ওই দিন সন্ধ্যায় পোষণা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা করেন প্রিজাইডিং অফিসার মো. রুস্তম আলী।
ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াদুদ হোসেন বলেন, “গত ৪ জুন পোষণা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে আলমগীর আহত হয়।”
এ সময় পুলিশ আলমগীরকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় যুবক আমীর আলী ও আবুল খালেকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা রুস্তম আলীর দায়ের করা মামলায় এখনও কেউ গ্রেপ্তার হননি বলে জানান তিনি।
